ডেস্ক রিপোর্ট
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মাদারীপুরের শিবচর বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বোরখা পরে ক্রেতা সেজে আগে বাজার ঘুরে তারপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাছ, মাংস, ফল, মুদিসহ ৭টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সব ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়।
জানা যায়, শাইখা সুলতানা শুক্রবার সকালে বোরকা পরে ক্রেতা সেজে শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি, ফলসহ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিভিন্ন সমস্যা দেখতে পান। পরে তিনি বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া, খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করেন। এদিন বাকি ব্যবসায়ীদের সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
শাইখা সুলতানা বলেন, আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি পরে অভিযান পরিচালনা করি। এদিন কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।