ডেস্ক রিপোর্ট
শরীয়তপুরের ভেদরগঞ্জে এক যুবকের আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই পরদিন তার চাচাতো ভাইয়ের স্ত্রীও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার। পরপর দুই আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর এলাকায় নিজ ভাড়া বাসায় গলায় ফাঁস দেন ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার এলাকার বাসিন্দা মিল্টন মল্লিক। তিনি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে ঢাকায় একটি মিষ্টির দোকানে কাজ করছিলেন। ইফতারের পর কর্মস্থলের পাশের বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পরিবারের দাবি, মিল্টনের সঙ্গে তার চাচাতো ভাই মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রায় তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে দুই পরিবারে উত্তেজনা সৃষ্টি হয়। মিল্টনের মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মধ্য মহিষার এলাকায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দেন এলিনা আক্তার।
মিল্টনের এক আত্মীয় বলেন, তাদের মধ্যে সম্পর্কের বিষয়টি আগে থেকেই পরিবার জানত। ঘটনার জের ধরেই দুজন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা জানান, মিল্টনের লাশ গ্রামে আনার প্রস্তুতি চলছিল, এমন সময় এলিনার আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ডেইলি ক্যাম্পাস