দিনাজপুরে ‘লিচু চত্বর’ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট

দিনাজপুর শহরের ঐতিহ্য ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে নির্মিত ‘লিচু চত্বর’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে সুইহারী দিনাজপুর সরকারি কলেজ মোড়ে লিচু চত্বরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

দিনাজপুরের ঐতিহ্যবাহী ও সুস্বাদু লিচুকে ব্র্যান্ডিং করা, নগরীর নান্দনিকতা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই লিচু চত্বর নির্মাণ করা হয়েছে। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ লিচু চত্বর পরিদর্শন করেন। এ সময় তারা এর নকশা ও উদ্দেশ্যের প্রশংসা করেন। 

দিনাজপুরের গর্ব লিচুকে কেন্দ্র করে নির্মিত এই ‘লিচু চত্বর’ ভবিষ্যতে পর্যটন, সংস্কৃতি ও নগর পরিচিতির এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জানে আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খান জানান, দিনাজপুরের পরিচিতি দেশব্যাপী আরো এক ধাপ এগিয়ে নিতে লিচু চত্বর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনে অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষর্থী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। কালের কণ্ঠ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top