
বরিশাল জার্নাল ডেস্ক
নড়াইলে তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যার মূলহোতা চালক সুজাত আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
রোববার (২৯ মার্চ) বিকেলে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বেনাপোল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২৮ মার্চ) দিবাগত মধ্যরাতে কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেল সেতুর নিচে অবস্থিত ‘তানভীর ফিলিং স্টেশনে’ এই নৃশংস ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রাকে তেল দেওয়া নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ক্ষুব্ধ চালক সুজাত আলী পাম্পের ম্যানেজার নাহিদ সরদার (৩৫) ও তার সহকর্মী জিহাদুল মোল্যাকে (২৯) ট্রাকের চাকায় পিষ্ট করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করা হলে চিকিৎসক ম্যানেজার নাহিদ সরদারকে মৃত ঘোষণা করেন। নিহত নাহিদ তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে।
অন্যদিকে, তার বন্ধু ও সহকর্মী জিহাদুল মোল্যার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত চালক সুজাত আলীকে নড়াইলে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। কালবেলা




