
মোঃ নাঈম, লালমোহন (ভোলা) প্রতিনিধি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লালমোহনে কোরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লালমোহন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে, এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এলাকার সম্মানিত আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও খতম শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের ইতিহাস, মাতৃভাষার গুরুত্ব এবং ইসলামের আলোকে ভাষা ও সংস্কৃতির মর্যাদা নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, মাতৃভাষার সুরক্ষা ও চর্চা জাতির আত্মপরিচয় রক্ষার অন্যতম প্রধান উপাদান। ভাষা শহীদদের আত্মত্যাগ জাতিকে অনুপ্রাণিত করে সত্য ও ন্যায়ের পথে চলতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমোহন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ মাইন উদ্দিন এবং সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন, লালমোহনের অফিস কেয়ারটেকার মাওলানা রফিকুল ইসলাম। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।




