
মোঃ জিহাদ, মনপুরা প্রতিনিধি
ভোলার মনপুরা উপজেলায় মা ইলিশসহ সকল ধরনের ছোট মাছ শিকার রোধে অভিযান-২০২৬ (মার্চ–এপ্রিল) উপলক্ষে রামনেওয়াজ মাছঘাটে সামুদ্রিক মাছ সংরক্ষণ ও সরকারি আইন মেনে চলতে জেলেদের সচেতন করতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার সর্ববৃহৎ রামনেওয়াজ মৎস্য ঘাটে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু মুছা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মনপুরা উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুবায়ের হোসেন রাজিব চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মনপুরা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার, মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক ও রামনেওয়াজ মৎস্য ঘাটের ক্ষুদ্র মৎস্য সমিতির জেলেরা।
বক্তারা বলেন, মার্চ–এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সকল ধরনের ছোট মাছ শিকার বন্ধ থাকবে। এ সময় নদীতে কেউ মাছ ধরতে গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জেলেদের দ্রুত সরকারি প্রণোদনার চাল বিতরণ করা হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, মার্চ–এপ্রিল দুই মাস মেঘনাসহ বিভিন্ন নদ-নদীতে মা ইলিশসহ সকল ধরনের মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ রাখা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক বলেন, জেলেদের সরকারি আইন মেনে নদীতে মাছ ধরতে হবে। যদি কোনো জেলে আইন লঙ্ঘন করেন, তাহলে আটকসহ জেল ও জরিমানার বিধান রয়েছে এবং তা যথাযথভাবে প্রয়োগ করা হবে।




