
মোঃ জিহাদ, মনপুরা(ভাোলা)
ভোলার মনপুরা উপজেলায় গাছ কাটতে গিয়ে গাছের মাথায় আটকে পড়ে গুরুতর আহত হয়েছেন জয়নাল আবদিন (৪৫) নামের এক শ্রমিক। তিনি উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা ও আবদুর রহিম পাটওয়ারীর ছেলে। তাকে উদ্ধার করে হাসপাতালে পৌছে দিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা
বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির পাশে একটি রেইন ট্রি গাছের ঢাল কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাছের ঢাল কাটার একপর্যায়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে কাটা অংশটি তার শরীরের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত মনপুরা ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কিছু সময়ের চেষ্টায় তারা আহত জয়নাল আবদিনকে উদ্ধার করতে সক্ষম হন।
পরে সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে তাকে দ্রুত মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।
মনপুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা সোহেল কবির জানান, মনপুরা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার ফিরোজ বলেন, আমরা দুর্ঘটনার খবর পাই সাথে সাথে আমার টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি জয়নাল আবেদিন নামে একজন ব্যক্তি গাছের মাথায় আটকা পারে আছে। আমাদের কাছে বড় মই না থাকার কারণে উদ্ধার কাজে কিছুটা বিলম্ব হয়। পরে বিদ্যুৎ অফিসের মই দিয়ে তাকে উদ্ধার করে মনপুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
কর্তব্যরত চিকিৎসক জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।




