বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিএনপির এক নেতার বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সামগ্রী উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিয়ালকাঠী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফিরোজ সরদারের নিজ বাড়ি থেকে একটি দেশীয় পিস্তল, একটি সেভেন গিয়ার চাকু, একটি রামদা, একটি বগি দা, একটি চাইনিজ কুড়াল, একটি হাতুড়ি এবং মাদক সেবনের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ সরদার বানারীপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুর খানের অপকর্মের প্রধান সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।
সেনাবাহিনী সূত্রে আরও জানা যায়, গতরাত আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটে ফিরোজ সরদারের বাড়িতে দেশীয় অস্ত্রের একটি চালান প্রবেশ করেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতির খবর পেয়ে ফিরোজ সরদার ও তার পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।