
ডেস্ক রিপোর্ট
বরিশালে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানাধীন রায়পাশা-কড়াপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতের নাম দেলোয়ার হোসেন চৌধুরী। তিনি উত্তর কড়াপুর এলাকার মৃত নজির চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপাশা গ্রামের বাদামতলা এলাকায় বসুরহাট–কাশিপুর বাজার সড়কের উত্তর পাশে একটি ওগোলপাতা ক্ষেতের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখে গেছে।
ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং লাশ উদ্ধার প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষ্যমতে, দেলোয়ার হোসেন বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। তার সঙ্গে একই এলাকার কয়েকজন ব্যক্তির বিরোধ ছিল। প্রাথমিকভাবে এসব নেতারা ধারণা করছে, ওই বিরোধের জের ধরে দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করা হতে পারে।
বিমানবন্দর থানার ওসি মিজানুর রহমান জানান, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত অব্যাহত রয়েছে, রহস্য উন্মোচন করতে পুলিশ কাজ করছে। এশিয়া পোস্ট




