আগৈলঝাড়ায় পুলিশের নামে স্বেচ্ছাসেবক দল নেতার টাকা আদায়

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়ার এক প্রবাসীর স্ত্রীর পরকীয়ার কারণে পুলিশের নাম করে ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিনজনের বিরুদ্ধে। এ ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ও প্রবাসীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামের দুবাই প্রবাসী আ. ছালাম দেয়ানের স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া চলে আসছিল কালাম দেওয়ানের ছেলে সৌরভ দেওয়ানের। এ ঘটনা নিয়ে এলাকায় একাধিকবার শালিস-মীমাংসা হয়েছিল।

সম্প্রতি ওই প্রবাসীর স্ত্রী সুমন নামে এক ছেলের সাথে ভিডিও কলে কথা বলেন। যার কারণে পূর্বের পরকীয়া প্রেমিক সৌরভ দেওয়ান প্রবাসীর স্ত্রীর কাছ থেকে জোরপূর্বক তার মোবাইল ফোন ৬ মার্চ রাতে ছিনিয়ে নিয়ে যায়। ওই মোবাইল ফোন থেকে প্রবাসীর স্ত্রীর কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন প্রেমিক সৌরভ দেওয়ান। এ ঘটনা আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানার পর এসআই মনিরুজ্জামান, তুলসী সেন, সৌমেন বিশ্বাসকে গত বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে পাঠান।

তারা ঘটনাস্থলে গিয়ে ওই প্রবাসীর স্ত্রী ও তার পরিবারের সাথে কথা বলে থানায় চলে আসে। পরে পুলিশকে ম্যানেজের কথা বলে ওই প্রবাসীর পরিবারের কাছ থেকে বুধবার রাতে স্বেচ্ছাসেবকদলের নেতা অলি তালুকদার ১০ হাজার টাকা, হামিদুল দেওয়ান ২০ হাজার টাকা ও লুৎফর তালুকদার ৫ হাজার টাকাসহ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন।

এ ব্যাপারে স্বেচ্ছাসেবকদলের নেতা অলি তালুকদার ও স্থানীয় হামিদুল দেওয়ান বলেন, ওই গৃহবধূর পরিবারের কাছ থেকে কোন টাকা নেইনি। আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। এ ব্যাপারে ঘটনাস্থলে যাওয়া পুলিশের এসআই মনিরুজ্জামান বলেন, কোনো টাকা আমরা পাইনি বা নেইনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top