আগৈলঝাড়ায় গাছ কাটা নিয়ে সংঘর্ষে ১১ জন আহত

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া(বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। এদের মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়, আহত ও থানায় লিখিত অভিযোগ সূত্র জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার পূর্বসুজনকাঠি গ্রামের হোসেন মোল্লার তিনটি মেহগনি গাছ একই বাড়ির মিজান মোল্লা কেটে নিয়ে যায়। এ সময় গাছ কাটতে বাধা দিলে মিজান মোল্লার নেতৃত্বে হোসেন মোল্লা, নুরুন্নাহার ও রহিমা বেগমকে মারধর করে আহত করে। তারা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে গেলে দ্বিতীয় দফায় মিজান মোল্লার নেতৃত্বে হাসান মোল্লাসহ কয়েকজন মিলে হোসেন মোল্লা, নুরুন্নাহার, জলিল মোল্লা, জুবায়ের, জালাল মোল্লা, শাহাদাত মোল্লা ও রহিমা বেগমকে হাসপাতালের সামনে বসে মারধর করে। এ সময় দুই পক্ষের সংঘর্ষের সময়ে প্রতিপক্ষের মিজান মোল্লা, মারুফা বেগম, হাসান মোল্লা ও ফজিলা বেগম আহত হয়।

পরে হোসেন মোল্লার পরিবারের সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রতিপক্ষের মিজান মোল্লা, মারুফা বেগম, হাসান মোল্লা ও ফজিলা বেগমকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় খলিল মোল্লা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top