
শফিকুল ইসলাম, আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতাঃ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”
আলোচনায় বক্তারা বলেন, নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত হলেই একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
আগৈলঝাড়া উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজীদ সরদার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, উপজেলা বিএনপি’র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) সিকদার হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাস গুপ্ত, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা নারীর শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সমান অধিকার নিশ্চিতকরণ এবং উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোই আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্য।




