‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরলেন ‘কিটো ভাই’

বরিশাল জার্নাল ডেস্ক

দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নতুন চ্যাপ্টার নিয়ে আবারও আলোচনায়। পঞ্চম সিজন শুরুর পর থেকেই পুরনো ও নতুন চরিত্রের সংমিশ্রণে জমে উঠেছে নাটকটি। আগের সিজনের অনেক পরিচিত মুখের পাশাপাশি ইতিমধ্যেই ফিরেছেন তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকারসহ আরো অনেকে।

এবার নতুন চমক হিসেবে ধারাবাহিকটিতে যুক্ত হয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘কিটো ভাই’ খ্যাত মাশরুর ইনান।

যদিও তৃতীয় সিজনের কয়েকটি পর্বে তাকে দেখা গিয়েছিল, এরপর আর তিনি নিয়মিত ছিলেন না। দুই বছর বিরতির পর পঞ্চম সিজনে আবারও ফিরলেন তিনি। 

জানা গেছে, নাটকটির জনপ্রিয় চরিত্র শুভর চাচাতো ভাই হিসেবে যোগ দিয়েছেন ইনান। তার চরিত্রের নাম জুবায়ের।

তবে সবাই তাকে ‘হালিম’ নামেই ডাকে। এরই মধ্যে তাঁর অংশের পর্ব সম্প্রচারও হয়েছে। ধারাবাহিকটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের পাশাপাশি ইউটিউবেও দেখা যাচ্ছে। 

 

ধারাবাহিকটিতে ফেরা প্রসঙ্গে কালের কণ্ঠকে মাশরুর ইনান বলেন, ‘প্রায় দুই বছর পর ফিরেছি।

ধারাবাহিকটির তৃতীয় সিজনে অল্প সময়ের জন্য হাজির হলেও দর্শক তা গ্রহণ করেছিলেন। আমি নিজেই ব্যক্তিগত কারণে অভিনয় থেকে কিছুটা সময় বিরতি নিয়েছিলাম। এবার নতুন করে সেই পুরনো টিমের কাছে ফিরতে পেরে ভালো লাগছে।’ 

তিনি আরো বলেন, ‘আগে তো অভিনয়ে কাঁচা ছিলাম, এরপর অনেক দিন অভিনয়ের সঙ্গেও ছিলাম না। অমি ভাই আমাকে নিয়ে এই সিজনে পরিকল্পনা করেন, এর জন্য অবশ্যই উনার প্রতি কৃতজ্ঞ।

তিনি খুবই নিখুঁত একজন পরিচালক, তার মতো বড় পরিচালকের কাজ দিয়ে আবারও ফিরেছি, এর জন্য আমি অনেক খুশি। পুরো টিমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ 

নির্মাতা ও দর্শকদের মতে, পঞ্চম সিজনে কাবিলা, হাবু ও পাশাদের ব্যাচেলর ফ্ল্যাটে নেহাল, আরেফিন, জাকিরের পাশাপাশি হালিমের যুক্ত হওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’-কে নতুন মাত্রা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top