মঠবাড়িয়ায় শিশু ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

বরিশাল জার্নাল ডেস্ক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শিশুকে ধর্ষণ দায়ে প্রধান আসামি ও তার সহযোগীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- মঠবাড়িয়ার দক্ষিণ কবুতর খালি গ্রামের মৃত মো. সুলতান সরদারের ছেলে নজরুল ইসলাম সরদার (৩৫) ও একই এলাকার মৃত মোসলেম হাওলাদারের মেয়ে মোসা. গোলাপী বেগম (৩০)।  আদালত তাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১)/৩০ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
২০১৬ সালের ১৭ আগস্ট দুপুরে স্কুল ছুটির পর শিশুটি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার খালা ও প্রতিবেশীরা তাকে স্কুল সংলগ্ন এলাকার পাশে দেখতে পান এবং বাড়িতে নিয়ে আসেন।

জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, তাকে চানাচুর ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দক্ষিণ কবুতরখালী এলাকার সাইক্লোন শেল্টার সংলগ্ন মৎস্য ঘেরের পাহারা ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধান আসামি নজরুল ইসলাম সরদার তাকে ধর্ষণ করে।

অভিযোগ অনুযায়ী, সহযোগী আসামি গোলাপী বেগম একাধিকবার একইভাবে শিশুটিকে সেখানে নিয়ে যায় এবং ঘটনার সহায়তা করে।

শিশুটি আরও জানায়, পূর্বেও তাকে একইভাবে প্রলোভন দেখিয়ে একাধিকবার ওই স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ২০১৬ সালের ২৭ আগস্ট স্থানীয় দফাদার মহানন্দ বালা (৫৯) বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত বলে এ রায় দেন।

এ বিষয়ে নারী-শিশু পিপি (সরকারি কৌঁসুলি) অ্যাডভোকেট নূরুল ইসলাম সরদার বলেন, দীর্ঘ ১০ বছর পর সব সাক্ষ্যপ্রমাণ নেওয়ার মাধ্যমে আদালত বৃহস্পতিবার ওই রায় দিয়েছেন।

বাংলা নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top