নলছিটিতে মাহেন্দ্র-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

 

বরিশাল জার্নাল ডেস্ক : ঝালকাঠির নলছিটিতে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহেন্দ্রের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন, তাদের অবস্থা আশঙ্কাজনক। শনিবার বেল ১১টার দিকে উপজেলার পশ্চিম দপদপিয়ার বকুলতলা বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার মৃত ইঙ্গল হাওলাদারের ছেলে মো. হাসেম হাওলাদার (৭০) এবং একই উপজেলার ফলাঘর গ্রামের ইস্তাক আলীর ছেলে মো. শামীম ( ৫০)। আহতরা হলেন মাহেন্দ্র গাড়ির যাত্রী মো. বাদল (৪৫) ও মো. ফাহিম (১৩)। তারা বর্তমানে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রী নিয়ে বাকেরগঞ্জ থেকে বরিশালের দিকে যাচ্ছিল একটি মাহেন্দ্র। তিন চাকার যানটি পশ্চিম দপদপিয়ার বকুলতলা বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে পৌঁছালে একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা অটোরিকশায় ধাক্কা দেয়। এতে মাহেন্দ্র থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই যানটির দুই যাত্রী মারা যান। অপর দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম বলেন, মাহেন্দ্রটিকে জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top