বানারীপাড়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির মামলায় কৃষকদল নেতা কারাগারে

বানারীপাড়া প্রতিনিধি

এক নারীকে মারধর, শ্লীলতাহানি ও টাকা-স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় উদয়কাঠী ইউনিয়ন কৃষকদল সভাপতি শাহ আলম সিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, পূর্ব লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে গত ৭ মার্চ বিকেলে শাহ আলম সিকদার ভুক্তভোগী রাজিয়া সুলতানার এলাকার বাড়িতে প্রবেশ করেন। এসময় তিনি ঘরে থাকা মোবাইল ফোন ভাঙচুর করেন এবং টেবিলের ড্রয়ারে থাকা ২০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

ভুক্তভোগীর ছোট মেয়ে চিৎকার করলে রাজিয়া সুলতানা এগিয়ে এসে বাধা দেন। অভিযোগে বলা হয়, এসময় তাকে মারধর করা হয় এবং শ্লীলতাহানির পাশাপাশি গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর গত ৯ মার্চ বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে ১০ মার্চ তা এজাহার হিসেবে রুজু হয়। পরে গত ৫ মে বরিশালের সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, মামলার বাদী অভিযোগ করেছেন, আসামির স্বজন ও সহযোগীরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। একই সঙ্গে অভিযুক্ত নেতার বিরুদ্ধে দীর্ঘদিনেও দলীয় সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top