বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেফতার

 

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামে অবসরপ্রাপ্ত এক শিক্ষিকার বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় একে একে ধরা পড়ছে জড়িতরা। এ ঘটনায় ভুক্তভোগী নাছিমা বেগমের স্বামী মো. বাবুল হোসেন বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মানিকসহ দু’জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করা হয়।

মামলার সূত্র ধরে ৫ মে (রোববার) রাতে র‌্যাব-৮ এর সহযোগিতায় তিন ডাকাতকে গ্রেফতার করে বানারীপাড়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জের মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বানারীপাড়ার ইন্দেরহাওলা গ্রামের মো. ডালিম, পাশের এলাকার মো. বাদশা এবং বরগুনা সদর উপজেলার মো. সেলিম সিকদারকে আটক করা হয়। পরবর্তীতে তাদের থানায় হস্তান্তর করা হলে পুলিশ নিশ্চিত করে যে তারা সবাই সম্প্রতি সংঘটিত ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা জানান, ২৮ এপ্রিল গভীর রাতে ৫-৭ জন মুখোশধারী ডাকাত নাছিমা বেগমের বাড়িতে হামলা চালায়। অস্ত্রের মুখে জিম্মি করে তারা বাড়ি থেকে নগদ দুই লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ওই রাতেই ভুক্তভোগী বাবুল হোসেন ডাকাত দলের এক সদস্যকে চিনে ফেলেন, যার নাম মানিক। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ২৯ এপ্রিল দুপুরে দান্ডয়াট এলাকা থেকে সৌদি ফেরত মানিককে গ্রেফতার করে পুলিশ এবং আদালতে সোপর্দ করে।

ডাকাতির ঘটনায় আরও অনেকের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর র‌্যাবের সহায়তা চায় থানা পুলিশ। বর্তমানে গ্রেফতার তিন আসামিকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top