বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদে বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল) রাতে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের মলুহার গ্রামে তালুকদার হুলায় কবিরের বাড়ির সামনে একটি মাদ্রাসার নিচতলায় এ অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, বৈঠাকাটা বাজারের ডিলার মোঃ আমান নিয়মবহির্ভূতভাবে সেখানে দোকান স্থাপন করে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদ করে আসছিলেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয় প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনীব। এ সময় অভিযুক্ত মোঃ আমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি. এম. এ. মুনীব জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। অভিযানে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা অবৈধ মজুদ রোধে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।




