এইচ এম খলিল, বাকেরগঞ্জ
বাকেরগঞ্জ পৌরসভার নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে কোটি টাকার সরকারি ভবন আছে, শিক্ষক আছে, সরকার থেকে শিক্ষকদের মাসে মাসে বেতন আছে, কিন্তু ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে কেউ পাস করেনি। নয় জন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে।
বরিশাল বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের থেকে মাত্র ২০০ গজ দূরত্বে নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। তিন জন কর্মকর্তার দৃষ্টির এত কাছাকাছি থেকেও অত্র বিদ্যালয়টির লেখাপড়ার মান এখন শুন্যের কোটায়। বিদ্যালয়টিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৮ শিক্ষক কর্মরত রয়েছেন।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ শিক্ষাবর্ষে বিদ্যালয়টি থেকে মোট ৯ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে; কিন্তুু এক জন শিক্ষার্থীও কৃতকার্য হতে পারেননি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান বলেন, এ বছর আমাদের স্কুল থেকে ৯ জন রেজিস্ট্রেশন করেছিল। ৯ জনই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বিদ্যালয়টিতে শিক্ষার্থী পাওয়া যায় না। যে কজন শিক্ষার্থীরা এই বছর পরীক্ষা দিয়েছে, তারা বাসায়ও ঠিকমতো পড়াশোনা করেনি। যার ফলে উত্তীর্ণ হতে পারেনি।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিষয়ে শুনেছি, এ বছর ৯ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে কেউ পাস করতে পারেনি। শিক্ষকদের অবহেলা আছে কি না বিষয়টি খতিয়ে দেখা হবে।




