শফিকুল ইসলাম, বাকেরগঞ্জ
সারাদেশের মতো বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে উপজেলার ১৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বাকেরগঞ্জ উপজেলা শিক্ষা অফিস ও আইসিটি শাখা সূত্রে জানা গেছে, এ বছর মোট ৫ হাজার ৯০৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে সাধারণ এসএসসি পরীক্ষার্থী ৪ হাজার ১৮৫ জন, দাখিল পরীক্ষার্থী ১ হাজার ৫১৮ জন এবং ভোকেশনাল শাখার পরীক্ষার্থী ২০৫ জন।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে নকল প্রতিরোধে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার। পরিদর্শনকালে তিনি বলেন, নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনায় এ বছর প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে পুলিশ মোতায়েনসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে আরও জানানো হয়, পরীক্ষার পুরো সময়জুড়ে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নজরদারি বজায় থাকবে এবং যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।
শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পরীক্ষার প্রথম দিনেই স্বস্তির পরিবেশ লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সার্বিক ব্যবস্থাপনার মাধ্যমে বাকেরগঞ্জে এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে।




