আগৈলঝাড়ায় `চাঁদা না পেয়ে’ প্রবাসীকে পিটুনি

আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চাঁদার টাকা না দেওয়ায় প্রবাসী যোগেশ গাইন নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাকে বাঁচাতে গেলে তার স্ত্রীকেও হেনস্তা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগৈলঝাড়া উপজেলার কান্দিরপাড় গ্রামের আনন্দ গাইনের পুত্র যোগেশ গাইনকে গতকাল ধানডোবা গ্রামের গৌহর ফকিরের পুত্র খাইরুল ফকিরসহ অজ্ঞাত আরও দুইজন লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।

এ সময় যোগেশ গাইনকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তার স্ত্রীকেও হেনস্তা করে বলে অভিযোগ রয়েছে। যোগেশ গাইনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় যোগেশ গাইনকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, খাইরুল ফকির ও তার সহযোগীরা যোগেশ গাইনের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। কিন্তু তিনি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর এ হামলা চালানো হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top